ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৩৭ সময় , আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৩৭ সময়

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে। বিএসসি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশে ফেরার চেষ্টা করেছিল। তবে প্রণালি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা দেখা দিলে জাহাজটি পারস্য উপসাগরের আগের অবস্থানে ফিরে যায়। এই পরিস্থিতিতে জাহাজটি যাতে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে, সে জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই চিঠি পাঠিয়েছেন। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।


জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের নোঙর এলাকায় অবস্থান করছে। বিএসসি জানিয়েছে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা শুরু করলে অঞ্চলজুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে।


বিএসসির কর্মকর্তারা জানান, ১১ মার্চ জেবেল আলী বন্দরে পণ্য খালাসের কাজ শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ঝুঁকি এড়াতে জাহাজটি নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নাবিকদের তথ্য অনুযায়ী, ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। তখন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। এ সময় সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও নিরাপত্তার কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে জাহাজটি ফিরে যায়।


বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই রয়েছে। তাই কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সময় ২০২২ সালের ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন এবং পরে জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯