আসন্ন পহেলা বৈশাখে সারাদেশে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ে কৃষক কার্ড প্রকল্প নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন থেকেই মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ কার্যক্রম চালু করা হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা সরাসরি প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতে এই আধুনিক ডেটাবেইসভিত্তিক কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ গুরুত্বপূর্ণ মতামত দেন।
এ সময় স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা বাড়বে এবং প্রকৃত কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি ও অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন। পহেলা বৈশাখের মতো উৎসবমুখর দিনে এই কর্মসূচির সূচনা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।