স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার ব্যবস্থা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের একটি রেস্টুরেন্টে জেলা এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে ১১ জন শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়েই আজ কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, সেই আন্দোলনের ফলেই এনসিপি থেকে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি আরও বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ফেনীতে জুলাই পদযাত্রা করা সম্ভব হয়নি। তবে ঈদের পর সাংগঠনিক সফরে তিনি ফেনী সফর করবেন বলে জানান এবং এ সময় পর্যন্ত সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন।ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, সাংবিধানিক শূন্যতার অজুহাতে যে রাষ্ট্রপতির মাধ্যমে সবাইকে শপথ পড়ানো হয়েছিল, এখন তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সালেহ উদ্দিন সিফাত আরও বলেন, দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করার সময় বর্তমান রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন। তার মতে, ফ্যাসিবাদের সহযোগী ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এই রাষ্ট্রপতির অপসারণ ও অভিশংসনের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা এগিয়ে নেওয়া উচিত।
ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম।