গবাদি পশুর থাকার জায়গা গোয়ালঘরেই ড্রামভর্তি পেট্রল ও অকটেন মজুত করে রাখার ঘটনা ধরা পড়েছে পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে প্রায় দেড় হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) পরিচালিত এক অভিযানে চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর মালিক সন্টু ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে এসব জ্বালানি তেল উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লাভের উদ্দেশ্যে একটি অসাধু চক্র তেল মজুত করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে বাজারে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল।
অভিযানের খবর টের পেয়ে সন্টু ইসলাম দোকান বন্ধ করে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে দোকানের পেছনের পথ দিয়ে অভিযানের দল তার বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় গোয়ালঘরের ভেতরে ড্রামে ভরে রাখা বিপুল পরিমাণ পেট্রল ও অকটেন পাওয়া যায়। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, এটি ছিল নিয়মিত বাজার তদারকির অংশ। এদিন চিনাখড়া ও আতাইকুলা বাজারসহ চারটি বাজারের মোট ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি ও অবৈধ মজুতের দায়ে এসব প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।