এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছোট ভাই মীর স্নিগ্ধ। শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মত প্রকাশ করেন। ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ বলেন, শামান্তা সারমিনের মতো তিনিও মনে করেন এনসিপির উচিত এখনই জোট ত্যাগ করা। তাঁর মতে, এনসিপি যদি নিজেকে বড় রাজনৈতিক শক্তি হিসেবে ভাবতে না পারে, তাহলে অন্য কেউ তাদের বড় করে তুলতে পারবে না। তাই নিজেদের আদর্শ, অবস্থান ও রাজনৈতিক দর্শন দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, এমন সিদ্ধান্তে সাময়িক কিছু অসুবিধা তৈরি হলেও দীর্ঘমেয়াদে এটি দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। পোস্টে দেশের তরুণ সমাজের রাজনৈতিক প্রত্যাশার কথাও তুলে ধরেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, দেশের তরুণরা পুরোনো ধাঁচের প্রচলিত রাজনীতিতে অনেকটাই বিরক্ত ও হতাশ। তারা এনসিপিকে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চায়।
মীর স্নিগ্ধ আরও বলেন, এখনই যদি এনসিপি জোট থেকে বেরিয়ে না আসে, তাহলে মানুষের মনে ধীরে ধীরে এই ধারণা জন্ম নিতে পারে যে দলটির নিজস্ব কোনো রাজনৈতিক স্বাতন্ত্র্য নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা স্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান নেওয়ার মাধ্যমে নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এনসিপি যদি স্বাধীনভাবে রাজনৈতিক অবস্থান নেয়, তাহলে অনেক সম্ভাবনাময় ও প্রভাবশালী নেতা সামনে আসতে পারেন, যারা এমন সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
শেষে তিনি বলেন, এনসিপির জন্য স্বতন্ত্র অবস্থান নেওয়ার সময় এখনই।