রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন বরেণ্য রাজনীতিবিদ ও সংসদ সদস্য মির্জা আব্বাস–এর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাসের পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে শুক্রবার রাতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় উপস্থিত মেডিকেল বোর্ডের সদস্যরা তার চিকিৎসার সর্বশেষ অবস্থা ও শারীরিক জটিলতা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরেন।