জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে জনগণের ভোট সঠিকভাবে রক্ষা করা সম্ভব হয়নি এবং এ দায় শুধু অন্যদের নয়, নিজেদেরও রয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি পঞ্চগড় জেলা শাখা।
সারজিস আলম বলেন, “আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, তেমনি আমরা এড়াতে পারি না যে ভোট গণনার সময় আমরা নিজেরাও সেই ভোট রক্ষা করতে পারিনি।” আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্রে যদি ১০ জন ভোটার থাকে তবে সেই ১০টি ভোটও রক্ষা করতে হবে। আবার কোনো কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টি ভোট থাকলে সেই ভোটও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনার সময় প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাই স্থানীয় নির্বাচনে যেন এমন পরিস্থিতি না হয়, সে বিষয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
সারজিস আলম জানান, তারা ১১ দলীয় ঐক্যজোট–এর অংশ হিসেবে বিরোধী দল হিসেবে সংসদে রয়েছে। স্থানীয় নির্বাচন একসঙ্গে হবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে যেভাবেই নির্বাচন হোক জনগণের দেওয়া ভোটের আমানত রক্ষা করতে হবে। তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব রাজপথ থেকেই দিতে হবে। যদি সেই নেতৃত্ব দেওয়া যায়, তবে দ্রুতই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। ভয় ও সাহস প্রসঙ্গে তিনি বলেন, ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমনি ছোঁয়াচে। একজন মানুষ সাহস দেখালে অন্যরাও সাহস পায়। জুলাই অভ্যুত্থানে এর উদাহরণ দেখা গেছে।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতা–কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ উপজেলা বা জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারেন। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন।