ইরানের উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপের সামরিক স্থাপনায় অতর্কিত বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা পরিচালনা করেছে। এই হামলায় ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।
তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে দ্বীপটির তেল অবকাঠামোতে হামলা চালানোর নির্দেশ দেননি। তার ভাষায়, মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, যদি ইরান বা অন্য কোনো পক্ষ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তাহলে খারগ দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। এ ছাড়া ট্রাম্প ইরানকে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশটির যা অবশিষ্ট রয়েছে তা সংরক্ষণ করা উচিত।
উল্লেখ্য, টানা ১৫ দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।