মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও প্রচারের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধের ভিডিও প্রকাশের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময় , আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৯ সময়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও প্রচারের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন ও নেপালের একজন করে নাগরিক এবং ভারতের দুইজন নাগরিক রয়েছেন।


সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও প্রচার করেছিল যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। তদন্তে জানা গেছে, ভিডিওগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য তৈরি করা হয়েছিল। এছাড়া অন্য দেশের ক্ষেপণাস্ত্র হামলা বা প্রতিরক্ষা ব্যবস্থার দৃশ্যকে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা বলে প্রচার করা হয়েছে। কিছু ভিডিওতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে শিশুদের আবেগঘন দৃশ্য ব্যবহার করা হয় এবং ভুয়া বিস্ফোরণের দৃশ্য যুক্ত করে দেশটির সামরিক স্থাপনা ধ্বংসের মিথ্যা দাবি করা হয়।


দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে কোনো ধরনের মিথ্যা তথ্য ছড়ানো বরদাশত করা হবে না। অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিপন্ন করার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পাবলিক প্রসিকিউশন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য শেয়ার না করার বিষয়ে সতর্ক করেছে।


মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে যারা অনলাইনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের শনাক্ত করতে আমিরাতের সাইবার নিরাপত্তা বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে বলেও জানানো হয়েছে।


সূত্র: আমিরাত নিউজ এজেন্সি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯