রাজধানীর উত্তরা থেকে মতিঝিল স্টেশনে প্রথন দিনের মতো যাত্রী নিয়ে চললো দেশের প্রথম মেট্রোরেল।
রাজধানীর আগারগাঁওয়ের স্টেশন পেরিয়ে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় ও সবশেষ স্টেশন মতিঝিল পৌঁছেছে। যাত্রা শুরুর স্টেশন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট। ভাড়া লেগেছে ১০০ টাকা। সকাল ৯টা ২০ মিনিটের মেট্রোরেল ৯টা ৫২ মিনিটে মতিঝিলের সবশেষ গন্তব্যে পৌঁছেছে।
২০ কিলোমিটারের এ পথ যেখানে বাসে যেতে দুই থেকে আড়াই ঘণ্টা লাগে, সেখানে মেট্রোরেল নিয়ে এলো মাত্র ৩২ মিনিটে।
বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মজীবী শহিদুল ইসলাম বলেন, ‘আগে মিরপুর-১০ থেকে অফিস যেতে সময় লাগতো এক থেকে দেড় ঘণ্টা, এখন মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাচ্ছি। ’
মেট্রোরেলে এসে মতিঝিল স্টেশনে নামা যাত্রী মাহবুব হোসেন বলেন, ‘সকাল ৮টা ৩০ মিনিটে ট্রেনে উঠেছিলাম কাজীপাড়া স্টেশন থেকে। ট্রেনটিতে আজকে অনেক মানুষ দেখেছি। সবার মুখেই ছিল স্বস্তির হাসি। ’
এ দুই যাত্রী জানান, অফিসযাত্রায় যানজটের দীর্ঘ ভোগান্তি কমে আসায় যে সময় বাঁচছে সেটা পরিবার-স্বজনদের দিতে পারবেন তারা। এতে জীবনে স্বস্তি আসবে বলেও অভিমত তাদের। এদিকে ঢাকায় আজ রোববার শুরু হয়েছে বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধে। অবরোধের কারণে গণপরিবহন চলাচল সীমিত থাকায়ও বাড়তি চাপ দেখা গেছে মেট্রোরেলে।