ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পড়ান। এর আগে, জাতীয় সংসদে স্পিকার পদে একমাত্র মনোনয়ন পেয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এই দায়িত্ব পালনে সম্মত হয়েছেন। স্পিকার পদে প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম এবং এটি সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম।
ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য এবং ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্ব পালনে সম্মত হন। ডেপুটি স্পিকার পদে প্রস্তাব উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার, এবং এটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। প্রস্তাবটি সংসদে পেশ করা হলে ‘হ্যাঁ’ ভোটে এটি জয়ী হয়।