সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "আজ থেকে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো।" বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই কথা বলেন তিনি। পবিত্র কোরআন তিলাওয়াতের পর বেলা সোয়া ১১টার কিছু আগে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আন্দোলন-সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, "আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। সরকার এই সংসদকে তর্ক-বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়।" তিনি আরও বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি।" খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, "দল-মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য।" তিনি আরও জানান, "স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই।"