আগামী ২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং। নতুন সরকার গঠনের পর, চীন থেকে ঢাকায় এই সফর হবে বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর। সুন ওয়েইডং ঢাকায় আসছেন বাংলাদেশ ও চীনের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বেইজিংয়ের নেতৃত্ব দিতে। বৈঠকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশ পক্ষ থেকে নেতৃত্ব দেবেন। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সুন ওয়েইডং-এর সফর নিয়ে আলোচনা করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পূর্ণ পর্যালোচনা হবে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার নতুন উপায়গুলো অন্বেষণ করার সুযোগ থাকবে।
ঢাকা সফরের সময় সুন ওয়েইডং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।