ভারতের উত্তরপ্রদেশে চিকিৎসকদের মৃত ঘোষণা করা এক নারী অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছে তার পরিবার। গত ২২ ফেব্রুয়ারি বিনীতা শুক্লা নামের ওই নারী হঠাৎ অচেতন হয়ে পড়লে চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেছিলেন। পরে, ২৪ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরানোর সময় রাস্তার বড় গর্তে পড়লে শক্তিশালী ঝটকায় তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে ওঠে।
বিনীতার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানিয়েছেন, চিকিৎসকরা তার স্ত্রীকে বেঁচে থাকার কোনো আশা দেখাননি, তাই তারা শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে গর্তে গাড়ি পড়ার পর বিনীতার হৃৎস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে যায়, যা তার পরিবারের কাছে একটি অলৌকিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
পরবর্তী সময়ে তাকে দ্রুত পিলভিটের নিউরোসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং একদিন পর সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন। পরিবারের দাবি, এটি একটি 'মৃত্যুঞ্জয়ী' ফিরে আসা ঘটনা।