নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়া এক রাজমিস্ত্রির মরদেহ ১৮ দিন পর শ্মশানঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশানঘাটের একটি আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন কুমার মহন্ত (২৪) নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের বাসিন্দা। তিনি মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশানঘাট এলাকায় অজিত নামে এক স্থানীয় ব্যক্তি একটি আমগাছের সঙ্গে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখেন। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় কাছে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে বদলগাছী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, প্রায় ১৮ দিন আগে নয়ন কুমার মহন্ত বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে এসেছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সহকর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি এবং বিষয়টি পরিবারকে জানানো হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে যে চকবেনী শ্মশানঘাটে নয়নের মরদেহ পড়ে আছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।