পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে টাইগাররা। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।
বাংলাদেশের মাটিতে পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল ২০১৫ সালে। সেই সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল পাকিস্তান, যেখানে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচে, আর পাকিস্তানের জয় ৩৪টি।
বাংলাদেশ একাদশ--
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।