বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে থাকায় তা মোকাবিলায় কিছু তেল-সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে শিথিল করা হতে পারে।
ট্রাম্প বলেন, “কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।” তিনি আরও বলেন, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনই হবে না। একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি ভালো ফোনালাপ হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেননি কোন দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানা গেছে। এর ফলে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারার সুযোগ পেয়েছে। বিশ্লেষকদের মতে, তেলের বাজারে অস্থিরতা কমাতে এবং সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপের কথা বিবেচনা করছে।