ঈদুল ফিতরকে সামনে রেখে কাস্টমস হাউসগুলোর ছুটি আংশিকভাবে বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখা হবে। সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য যাতে নিরবচ্ছিন্ন থাকে সে জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে কাস্টমস কার্যক্রম চালু রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর জানিয়েছে, এই নির্দেশনা ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর, ঢাকা পশ্চিম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও একই নির্দেশনা পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঈদের ছুটির সময়েও সীমিত আকারে কার্যক্রম চালু থাকলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল থাকবে এবং বন্দরে পণ্যজট কমবে।