‘বাঁধ ভেঙে দাও’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখার জন্য আটজন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার অনুষ্ঠিত এই আয়োজনে কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস এবং সুস্থতা বিষয়ক ব্যবসা—এই আটটি খাতে উদ্যোক্তাদের সফল উদ্যোগ, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। এ ছাড়া তিনটি বিশেষ ক্যাটাগরিতেও সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহার বুটিক, হস্তশিল্প খাতে আরুবাস কালার বুটিকের কর্ণধার নিগার সুলতানা এবং ওষুধ শিল্পে শরিফ ফার্মার পরিচালক রাজিয়া শরিফ জনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রফেসর ড. এ. জেড. এম. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারম্যনের উপদেষ্টা মাহিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিমসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) এবং সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান। শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক ও পরামর্শক এবং সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা। সমাপনী বক্তব্য দেন উদ্যোগটির আহ্বায়ক রেদওয়ান রাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মাননা প্রাপ্ত নারী উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন।
অনুষ্ঠানের আগে ‘ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন এবং নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। আলোচনাটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট ও সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন।
স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত সাহসিকা প্রকাশনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে আরও উৎসাহিত করবে এবং দেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।