গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও নগদ টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তার

মাদকের টাকা জোগাড় করতে আইফোন ও টাকা ছিনিয়ে নিয়ে বন্ধুকে খুন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৭ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৫৭ সময়

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও নগদ টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজ ছাত্রকে হত্যা করেছে তার চার বন্ধু। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, শনিবার থেকে নিখোঁজ থাকার দুই দিন পর সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম এলাকার একটি পুকুর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহত সিয়াম মোল্যা ঝুটিগ্রাম এলাকার ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে এবং মুকসুদপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সিয়াম নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। পরে পুকুর থেকে দুর্গন্ধ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।


প্রাথমিক তদন্তে জানা গেছে, সিয়ামের কাছে থাকা একটি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য তার চার বন্ধু পরিকল্পনা করে। সেই ফোন বিক্রি করে মাদকের টাকা জোগাড় করাই ছিল তাদের উদ্দেশ্য। অভিযুক্তরা হলো বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী, ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার মিয়া এবং আরও একজন। হত্যার পর তারা মরদেহটি পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। এ ঘটনায় দিদার (১৪) ও পারভেজ (১৫) নামের দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুইজনকে ধরতে অভিযান চলছে।


স্থানীয়রা জানান, সিয়ামের মা মারা গেছেন এবং তার বাবা ইতালিতে থাকেন। সে নানাবাড়িতে থেকে পড়াশোনা করছিল। তুচ্ছ একটি মোবাইল ফোন ও নেশার টাকার জন্য বন্ধুর হাতে বন্ধুর হত্যার এই ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯