রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে মানবদেহের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরি করে সেগুলো কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার করা বিপুল পরিমাণ খুলি ও হাড় কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আরও বড় কোনো নেটওয়ার্ক জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামী বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কঙ্কাল চুরির পুরো প্রক্রিয়া এবং গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়সহ আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।