জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে: জামায়াত আমির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ১০:৮ সময়

জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে তারা কোনো নির্দিষ্ট দলের বিজয় নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা এখন সবার কাছে স্পষ্ট। এর চূড়ান্ত বিচার জনগণই করবে। সংসদের আসন সংখ্যা বা বিরোধী দলের মর্যাদার চেয়ে জনগণের অধিকার রক্ষা করাকেই বড় দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।


জামায়াত আমির বলেন, জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের মূল অঙ্গীকার এবং কোনো ধরনের সুবিধা বা সুযোগ তাদের আদর্শ থেকে সরাতে পারবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজ স্বজনপ্রীতি ও ব্যক্তিপূজার রাজনীতি নয়, বরং ন্যায়বিচার ও সুশাসন চায়। সেই প্রত্যাশা বাস্তবায়নে জামায়াত কাজ করবে বলেও জানান তিনি। রাজনীতি থেকে প্রতিহিংসা ও দুর্নীতি দূর করার ওপর গুরুত্বারোপ করে শফিকুর রহমান সতর্ক করেন, এসব সমস্যার সমাধান না হলে দেশের সামনে আরও কঠিন সময় আসতে পারে।


তিনি বলেন, সংসদের ভেতরে তারা জনগণের অধিকার নিয়ে কথা বলবেন। সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার হরণের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। ইফতার মাহফিলে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের সভাপতিত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯