যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে রিপাবলিকানদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই সংঘাতকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, চলমান অভিযানে ইরান সামরিকভাবে প্রায় সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুদ্ধ এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয় যুদ্ধটি প্রায় শেষ হয়ে গেছে। ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তাদের বিমানবাহিনীর সক্ষমতাও নেই।”
তিনি আরও জানান, মার্কিন সামরিক বাহিনী এই অভিযান শেষ করার জন্য শুরুতে চার থেকে পাঁচ সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছিল। তবে বর্তমান অগ্রগতি সেই পরিকল্পনার চেয়েও দ্রুত এগোচ্ছে।ট্রাম্পের মতে, ইরানের ড্রোন তৈরির কারখানাগুলো ধ্বংস করা হয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তবে ‘চূড়ান্ত বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যাবে বলেও তিনি সতর্ক করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা অনেক দিক থেকেই জয়ী হয়েছি, কিন্তু এখনও কিছু কাজ বাকি আছে।” এদিকে সংঘাতের দশম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। ট্রাম্প এই সিদ্ধান্তকে ইরানের একটি “বড় ভুল” বলে মন্তব্য করেছেন।
তিনি আরও ইঙ্গিত দেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও আলোচনায় থাকতে পারে। চলমান সংঘাতের প্রভাবে ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।