ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায়। এর আগের দিন বুধবার সরকারদলীয় বিএনপির সংসদীয়

স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম জানা যেতে পারে কাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায়। এর আগের দিন বুধবার সরকারদলীয় বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সকাল ১১টায় এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি অনুরোধ জানিয়েছেন। এই বৈঠকে নতুন সংসদের স্পিকার মনোনয়ন নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে কোনো সংসদ সদস্যের নাম প্রস্তাব করা হবে কি না, সেটিও আলোচনায় থাকতে পারে।


বিএনপি আশা করছে, বিরোধী দল হিসেবে জামায়াত ডেপুটি স্পিকার পদে একজন সদস্যকে মনোনয়ন দেবে। তবে তারা নাম প্রস্তাব না করলে শেষ পর্যন্ত বিএনপি নিজেদের দল থেকেই ডেপুটি স্পিকার মনোনীত করতে পারে। নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার পদে সম্ভাব্যদের মধ্যে ড. আব্দুল মঈন খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।


অন্যদিকে জামায়াত ডেপুটি স্পিকার পদে কাউকে মনোনয়ন না দিলে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক ও বরকত উল্যাহ বুলুর নামও আলোচনায় রয়েছে। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও আলোচনা চলছে। জানা গেছে, সংবিধানের বিকল্প ব্যবস্থার আওতায় প্রথম অধিবেশনের শুরুতে কিছু সময়ের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠকে সভাপতিত্ব করতে পারেন।


নিয়ম অনুযায়ী, প্রথমে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন। পরে রাষ্ট্রপতির কাছে তারা শপথ গ্রহণ করবেন এবং নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হবে।


এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯