পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সমাজে দল-মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে ন্যায্য মানুষকে তার প্রাপ্য দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বঞ্চিত হবে না, আবার কেউ অতিরিক্ত সুবিধাও পাবে না। সোমবার (৯ মার্চ) সকালে বাউফল উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও নগদ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকায় একটি ঘর নির্মাণ করা সম্ভব নয়। এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কেবল প্রাথমিক সহায়তা। তিনি জানান, সরকার যেমন সহযোগিতা করছে, তেমনি সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো প্রয়োজন।
তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ ঘর টিন দিয়ে নির্মিত হওয়ায় অগ্নিকাণ্ড ঘটলে অনেক সময় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরবাড়ি পুড়ে যায়। এ কারণে ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বাউফলের উত্তরাঞ্চলে একটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ গোলাম মোর্শেদ মুরাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা যুব বিভাগের আমির মো. রেদওয়ান উল্লাহ মাস্টার, পৌর আমির মাওলানা মুহাম্মদ সেলিমুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল টিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।