ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান দশম দিনে গড়িয়েছে। সোমবার (৯ মার্চ) পর্যন্ত চলমান এই হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে। এতে শত শত মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যদি শর্তহীনভাবে আত্মসমর্পণ না করে, তাহলে হামলা অব্যাহত থাকবে। এই পরিস্থিতির মধ্যেই ইরান তাদের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করেছে। নতুন নেতৃত্ব ঘোষণার পর উত্তেজনা আরও বেড়েছে এবং এতে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।
এরই মধ্যে ইসরায়েলি বাহিনী ইরানের মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ‘শাসনব্যবস্থার অবকাঠামো’ লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। তবে এই হামলায় কতজন হতাহত হয়েছে বা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থানেও হামলা চালিয়েছে। সেখানে ইসরায়েলি কমান্ডো বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
অন্যদিকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ কখন শেষ হবে, সে সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে নেবেন। তিনি আরও জানান, যুদ্ধ সমাপ্তির বিষয়টি একটি যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং এ বিষয়ে দুই নেতা নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত সময়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।