পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকার নোট ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। ফলে ঈদের সময়

ঈদের আগে নতুন নোট ছাড়বে না বাংলাদেশ ব্যাংক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৩৮ সময় , আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ২:৩৮ সময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকার নোট ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। ফলে ঈদের সময় নতুন নোট পাওয়ার প্রচলিত সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন অনেক নাগরিক। এমনকি শিশু-কিশোরদের ঈদ সালামিতেও নতুন টাকা না পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নোটের ব্যবস্থা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে সম্প্রতি একটি অভ্যন্তরীণ অফিস আদেশ জারি করা হয়েছে। রোববার (৮ মার্চ) থেকে কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট সংগ্রহ শুরু করেছেন।


প্রতিবছর ঈদকে কেন্দ্র করে নতুন নোটের চাহিদা বেড়ে যায়। ঈদ সালামি দেওয়ার জন্য নতুন নোটের প্রতি মানুষের আগ্রহ থাকে। রাজধানীর মতিঝিল, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঈদের আগে নতুন নোট ও ছেঁড়া টাকার অস্থায়ী বাজার বসে, যেখানে ফুটপাতেই এই ব্যবসা বেশি দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, একটি নতুন নোট ডিজাইন থেকে বাজারে ছাড়তে প্রায় দেড় বছর সময় লাগে। একসঙ্গে নয় ধরনের নোট বাজারে আনার উদ্যোগ নেওয়ায় চাপ তৈরি হয়েছিল। তাই গত বছর থেকেই ঈদ উপলক্ষে বিশেষভাবে নতুন নোট ছাড়ার রীতি থেকে সরে আসা হয়েছে।


তিনি আরও জানান, নতুন নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া একটি নিয়মিত কার্যক্রম এবং এর জন্য আলাদা কোনো উৎসবের প্রয়োজন নেই। ধীরে ধীরে পুরোনো ও ব্যবহার অনুপযোগী নোটগুলো নতুন নোট দিয়ে প্রতিস্থাপন করা হবে। একই সঙ্গে খোলা বাজারে নতুন নোট বিক্রির সঙ্গে ব্যাংকের কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এদিকে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ আদেশ অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সীমার মধ্যে নতুন নোট সংগ্রহ করতে পারবেন। নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মীসহ কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত তারা এই সুবিধা পাবেন।


তবে এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, সাধারণ মানুষের জন্য নতুন নোট না ছাড়লেও কর্মকর্তাদের জন্য তা বরাদ্দ দেওয়া বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, এসব নতুন নোটের একটি অংশ পরে অবৈধ লেনদেনের মাধ্যমে ফুটপাতের ব্যবসায়ীদের কাছেও চলে যেতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯