ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়িয়েছে। সংঘাত কবে শেষ হবে

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবিরাম হামলা, বিপাকে পাকিস্তান

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৩ সময় , আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৩ সময়

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়িয়েছে। সংঘাত কবে শেষ হবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। তবে এই পরিস্থিতির প্রভাব স্পষ্টভাবে পড়ছে পাকিস্তানের ওপর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ সংঘাত পাকিস্তানকে কূটনৈতিকভাবে জটিল অবস্থায় ফেলেছে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা এখন ইসলামাবাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের সঙ্গে পাকিস্তানের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। পাশাপাশি পাকিস্তানের লাখ লাখ শ্রমিক সৌদি আরবসহ বিভিন্ন উপসাগরীয় দেশে কর্মরত। গত বছর পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর আগ্রাসন হলে তা উভয়ের ওপর আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। ফলে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংঘাত বাড়লে পাকিস্তানের অবস্থান কী হবে—সে প্রশ্ন এখন দেশটির নীতিনির্ধারকদের সামনে বড় হয়ে উঠছে।


প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাকিস্তান মূলত কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। দেশটি ইরান, সৌদি আরবসহ আঞ্চলিক বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই হামলাকে পাকিস্তান ‘অযৌক্তিক’ বলে নিন্দা জানায়। তবে কয়েক ঘণ্টা পর উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পাল্টা হামলাকেও ‘সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে ইসলামাবাদ।


সংঘাত শুরুর সময় ইসলামি সহযোগিতা সংস্থার বৈঠকে অংশ নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠক শেষে তিনি জানান, তেহরান ও রিয়াদের মধ্যে যোগাযোগ বাড়াতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করছে। পরে পাকিস্তানের সিনেটে এবং এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, সৌদির সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বিশ্বজুড়ে পরিচিত এবং পরিস্থিতি বিবেচনায় রাখার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯