ইরানের তেলক্ষেত্র ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার দিবাগত রাতে ইসরায়েলি বিমানবাহিনী এ হামলা শুরু করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, তেহরানের তেল সংরক্ষণাগার ও রিজার্ভ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে ইরানের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে এবার প্রথমবারের মতো ইরানের জাতীয় তেল শিল্পের অবকাঠামো সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে, যা পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এই প্রথম ইসরায়েল ইরানের জাতীয় অবকাঠামোর ওপর সরাসরি হামলা চালালো। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘোষণা দিয়েছিল যে তারা তেহরানে আরও বিস্তৃত সামরিক অভিযান শুরু করেছে।
এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ পেতে শুরু করে, যেখানে ইরানের তেলক্ষেত্রে বোমা নিক্ষেপের দৃশ্য দেখা যায়।