রাতের আঁধারে ভোলা থেকে অবৈধভাবে সার পাচারের সময় ফেরি থেকে এক হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ

ভোলায় ৭১ টন সরকারি সার জব্দ, ট্রাকচালক আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৪ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৪ সময়

রাতের আঁধারে ভোলা থেকে অবৈধভাবে সার পাচারের সময় ফেরি থেকে এক হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ চারটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরমান নামে এক ট্রাকচালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় লক্ষ্মীপুরগামী দুটি ফেরিতে অভিযান চালিয়ে এসব ট্রাক জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে দেখা যায়, জব্দ হওয়া ট্রাকগুলোর নম্বর— যশোর ট-১১-১৪৩৩, চট্টগ্রাম মেট্রো ট-১১-০৬৮৪, খুলনা মেট্রো ট-১১-০৭৮৩ এবং ঢাকা মেট্রো ট-১৪-৭৩০৫।


পুলিশ ও সার গুদাম সূত্রে জানা যায়, ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় সরকারি বরাদ্দের সার পাঠানো হয়। জব্দ হওয়া সারগুলো বরিশাল ও বরগুনায় যাওয়ার কথা থাকলেও তা লক্ষ্মীপুরের দিকে নেওয়া হচ্ছিল। পুলিশ জানায়, লক্ষ্মীপুরগামী ‘সুফিয়া কামাল’ নামের ফেরি থেকে তিনটি এবং ‘কুসুমকলি’ নামের ফেরি থেকে একটি—মোট চারটি ট্রাক জব্দ করা হয়। তবে অভিযানের সময় তিনটি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।


ভোলা সরকারি সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজ জানান, সারগুলো বরিশাল ও বরগুনায় পাঠানোর জন্য গুদাম থেকে ট্রাকে তোলা হয়েছিল। তবে গুদাম থেকে বের হওয়ার পর সেগুলো কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তারা অবগত নন বলে দাবি করেন তিনি। ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম জানান, অসাধু একটি চক্র কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ভোলা থেকে অন্যত্র সার পাচারের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানে চারটি ট্রাক থেকে প্রায় ৭১ টন টিএসপি সার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।


তিনি আরও জানান, আটক ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯