ইরান ও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে শোক ও ভিন্ন প্রতিক্রিয়া দেখা

ট্রাম্প ইরানের মুক্তিদাতা: ইরানি অভিনেত্রী

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৫৫ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৫৫ সময়

ইরান ও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে শোক ও ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইরানের মুক্তিদাতা’ বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি। ইরানে গণতন্ত্র ও নারীর অধিকার প্রতিষ্ঠার পক্ষে দীর্ঘদিন ধরেই খামেনির শাসনের সমালোচক হিসেবে পরিচিত মান্দানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।


হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রী তার পোস্টে জানান, ইরানে দীর্ঘদিন ধরে চলা কট্টরপন্থী শাসনের অবসান চান তিনি। সেই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে সমর্থন করে তিনি বলেন, ট্রাম্পই পারেন ইরানের দীর্ঘদিনের ‘অন্ধকার’ থেকে মুক্তির পথ দেখাতে। মান্দানার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করলেও অনেকেই তীব্র সমালোচনা করেন। একই সময়ে ভারতীয় টেলিভিশন অভিনেত্রী ফারহানা ভাট খামেনির মৃত্যুকে ব্যক্তিগত ক্ষতি হিসেবে উল্লেখ করে শোক প্রকাশ করায় নেটিজেনদের মধ্যে ভিন্নমত আরও স্পষ্ট হয়ে ওঠে।


এটি অবশ্য প্রথমবার নয় যে মান্দানা ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরোধিতা করেছেন। হিজাববিরোধী আন্দোলনসহ নারীর অধিকার নিয়ে বিভিন্ন সময় সরব ছিলেন তিনি। নিজের দেশের নারীদের স্বাধীনতার পক্ষে কথা বলতে গিয়ে একাধিকবার বিতর্কের মুখেও পড়তে হয়েছে তাকে। তেহরানে জন্ম নেওয়া মান্দানা কারিমি কর্মজীবনের শুরুতে কেবিন ক্রু হিসেবে কাজ করেন। পরে মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পান। ২০১০ সালে মডেলিংয়ের কাজের সূত্রে মুম্বাইয়ে আসেন এবং ২০১৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘রয়’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।


পরবর্তীতে ‘ভাগ জনি’, ‘ম্যায় অউর চার্লস’ ও ‘কিয়া কুল হ্যায় হাম ৩’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে রিয়েলিটি শো ‘বিগ বস ৯’ ও ‘লক আপ’-এ অংশ নেওয়ার পর দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান এই ইরানি অভিনেত্রী।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯