নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে দেওভোগ পাক্কা রোডে আরমান মিয়ার মালিকানাধীন একটি তিনতলা ভবনের নিচতলায় থাকা ঝুটের গুদামে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির এবং ভবনের ভাড়াটিয়া লিটন আহত হয়েছেন। গুরুতর আহত শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইফতারের কিছুক্ষণ পর ভবনের নিচতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি বাসার দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান বলেন, ইফতারের পরপরই একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আরেকজনকে দেয়ালের নিচ থেকে উদ্ধার করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজ হয়ে গুদামের ভেতরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।