ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় ৬৬০ মিলিয়ন ডলারের এই অস্ত্র চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদন ছাড়াই জরুরি ক্ষমতা ব্যবহার করছে মার্কিন প্রশাসন। শনিবার (৭ মার্চ) মার্কিন প্রশাসনের বর্তমান দুই কর্মকর্তা ও সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে—পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতি ঘোষণা করেছেন, যাতে দ্রুত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা সম্ভব হয়। এই সিদ্ধান্তের আওতায় ১ হাজার পাউন্ড ওজনের প্রায় ১২ হাজার ভারী বোমা সরবরাহ করা হবে। এ ছাড়া চুক্তির অংশ হিসেবে আরও প্রায় ১০ হাজার ৫০০ পাউন্ডের বোমা এবং ৫ হাজার ছোট আকারের ‘স্মল ডায়ামিটার’ বোমা দেওয়া হবে। সংশ্লিষ্ট সামরিক সেবা ও সরঞ্জামসহ এই অস্ত্র সরবরাহের মোট মূল্য ৫০০ মিলিয়ন ডলারের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের লক্ষ্য হিসেবে ইরানের শীর্ষ নেতৃত্ব, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করার কথা বলা হয়েছে। এরও আগে গত জুনে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।