ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান

সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৫ সময় , আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ১:৪৫ সময়

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির জরুরি বৈঠকে বসেছেন। শনিবার (৭ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানায়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের সম্ভাব্য আগ্রাসন নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কাঠামোর আওতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।


বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ আশা করছে ইরান পরিস্থিতি আরও জটিল না করে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে এবং ভুল পদক্ষেপ থেকে বিরত থাকবে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির কারণে চলমান সংঘাতে প্রয়োজনে পাকিস্তানকে ভূমিকা রাখতে হতে পারে। গত বছর ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।


চুক্তি স্বাক্ষরের সময় দুই দেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছিল। তখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছিল, বিশেষ করে কাতারের রাজধানীতে ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে। এদিকে ইরান ও পাকিস্তানের সম্পর্কও দীর্ঘদিন ধরে জটিলতার মধ্যে রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছিল।


বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে নাকি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে—এ প্রশ্ন এখন আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯