প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ডে হামলা চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইরান। তবে দেশটি জানিয়েছে, এসব হামলার মূল লক্ষ্য ছিল ওইসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। শুক্রবার (৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, প্রতিবেশী দেশগুলোর দিকে হামলা চালাতে হওয়ায় তারা দুঃখিত। তবে ওই দেশগুলোর ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, ইরানের সামরিক পদক্ষেপগুলো প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে নয়। বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসমাইল বাঘেই আরও বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো শত্রুতা চায় না এবং সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব হিসেবেই এসব সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।