বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তাদের সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক

বিএনপি সন্ত্রাসী দল, তাদের সঙ্গে সংলাপ নয় : ওবায়দুল কাদের

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪১ সময় , আপডেট সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪১ সময়
বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তাদের সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি সন্ত্রাসী দল। তাদের সঙ্গে সংলাপ হতে পারে না।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরোনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।

তিনি বলেন, তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। কাজেই সন্ত্রাসী দলের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়। আমিও বলছি তাদের সঙ্গে কোনো সংলাপ নয়।

তিনি আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। অন্যদেশ তো আমাদের পরামর্শ নিয়ে নির্বাচন করে না, আমরা কেন অন্য দেশের পরামর্শ নিয়ে নির্বাচন করব?

সেতুমন্ত্রী বলেন, তাদের অনেকবার সংলাপে ডাকা হয়েছে, নির্বাচন কমিশন ডেকেছে, রাষ্ট্রপতি ডেকেছে তারা সংলাপে যাবে না। তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা এবং পুলিশ সদস্যকে হামলা করে মেরে ফেলায় তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মেট্রোরেলের উদ্বোধন বিষয়ে বলেন, আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন এমআরটি লাইন ফাইভের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার মেট্রোলাইনের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল চারটায় মতিঝিলে এ উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯