ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান টানা সপ্তম দিনে পৌঁছেছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশ দুটি যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না। তার এই ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মেহরাবাদ তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বিমানবন্দরগুলোর একটি। বিস্ফোরণের পর বিমানবন্দর এলাকায় কয়েকটি বিমান জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।