ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক সামরিক হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ঘটনার পর সম্ভাব্য নতুন নেতৃত্বকে ঘিরে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করে বলেছেন—ইরানে নেতৃত্বের অবস্থান দ্রুতই সংকুচিত হয়ে যাচ্ছে এবং যে কেউ নেতৃত্বে আসতে চাইছে, শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে।
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে তিনি বলেন, সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কেউ তাকে যুদ্ধ পরিস্থিতির মূল্যায়ন জানতে চাইলে তিনি দশের মধ্যে প্রায় পনেরো নম্বর দিয়েছেন। তিনি আরও দাবি করেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক বাহিনী আর নেই এবং বর্তমান পরিস্থিতিতে দেশটি অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন মাত্রায় উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে।