ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব ইতিমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের এই গবেষক আল-জাজিরাকে বলেন, যদি হরমুজ প্রণালি দিয়ে আসা তেলের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে তেলের বাজারে বড় ধাক্কা লাগবে।
তিনি আরও জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির বাজারেও এর প্রভাব দেখা যাচ্ছে। হামলার প্রথম দিনেই গ্যাসের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে এবং ইউরোপে কয়েক দিনের মধ্যেই দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ডিজেলের দামও অস্বাভাবিক হারে বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। অনেক দেশ এখন আগাম পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।