রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
এদিকে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকার কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি।