মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করছে। ইরান এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সমন্বিতভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। এর জবাবে ইসরায়েলও ইরান ও লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সম্প্রতি সৌদি আরব, কাতার, কুয়েত এবং দুবাই লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে সৌদি আরবও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে।
এদিকে লেবাননের ইরানপন্থি গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে একটি ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি এবং সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে গোষ্ঠীটি। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ভারত মহাসাগরেও। যুক্তরাষ্ট্র দাবি করেছে, সেখানে একটি ইরানি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেওয়া হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরান ও লেবাননে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং ইরানের সামরিক অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাত এখন আর শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে, যা বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।