টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। তবে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার মনে করেন, এই পর্যায়ে দুই দলই সমান অবস্থানে রয়েছে। চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ও শিরোপাধারী ভারতকে হারানোসহ সাতটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে এইডেন মার্করামের দল। অন্যদিকে নিউজিল্যান্ডের পথটা ছিল কিছুটা কঠিন। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নেয় কিউইরা।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেন, দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল হলেও নকআউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। তার মতে, সেমিফাইনালে এসে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১২-৭ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এই দুই দলের আগের পাঁচ দেখাতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
তবে ‘আন্ডারডগ’ তকমা নিয়ে স্যান্টনার বলেন, তাদের দল এই পরিস্থিতিতে অভ্যস্ত। তার বিশ্বাস, নকআউট ম্যাচে যে দল ভালো খেলবে, শেষ পর্যন্ত জয় তারাই পাবে।