মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন এক মানবিক সংকটের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরেরও কম। এছাড়া এসব হামলায় ৫ হাজার ৪০২ জন আহত হয়েছেন, যার মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে।
সংস্থাটির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থানে অন্তত ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে শুধু সামরিক স্থাপনা নয়, বরং চিকিৎসা কেন্দ্র এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে দক্ষিণ ইরানের একটি স্কুলে চালানো বিমান হামলার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘাঁটির কাছাকাছি একটি স্কুলে হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেই শোকাবহ দৃশ্যের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া নিহতের সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, স্কুলে হামলার অভিযোগটি তারা খতিয়ে দেখছে। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযানের বিষয়ে তারা অবগত নয়।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই ভয়াবহ মানবিক সংকটে রূপ নিচ্ছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, আর বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।