দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় বসবাসরত মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্তত ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ শহর বিনতে জেবিলও রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এত বড় পরিসরে জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও উদ্বেগজনক করে তুলেছে। অনেক বিশ্লেষক এই পদক্ষেপকে পূর্বের গণ-স্থানচ্যুতি নীতির পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।
এদিকে দক্ষিণ লেবাননের হারিস, নাবাতিহ আল-ফাওকা ও মেফদুনসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। উত্তর ইসরায়েলে রকেট হামলার পর হিজবুল্লাহকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বৈরুতসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। দক্ষিণ লেবাননেও সংগঠনটির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলার তথ্য সামনে এসেছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলার ফলে বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং অঞ্চলজুড়ে মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।