ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সেনাপ্রধানসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তার নিহত হওয়ার খবর সামনে এসেছে। এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে হলিউডের বিভিন্ন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। সংগীতশিল্পী জ্যাক হোয়াইট যুদ্ধ ঘোষণার পদ্ধতি ও এর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এমন সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। অভিনেতা জন কুসাক মন্তব্য করেন, এই ধরনের সামরিক পদক্ষেপ সরকারের দৃষ্টি অন্য গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরিয়ে নেওয়ার কৌশল হতে পারে।
অন্যদিকে, অভিনেত্রী ক্যারি কুন ব্যঙ্গ করে ট্রাম্প প্রশাসনের সামরিক নীতিকে ‘যুদ্ধ দপ্তর’ হিসেবে আখ্যা দেন। কমেডিয়ান রোজি ও’ডোনেলও তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ তার পূর্বের শান্তির প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সরাসরি হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করে তুলতে পারে।