নাটোরের লালপুর উপজেলার দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আব্দুল আজিজ (২২) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়। আব্দুল আজিজ নওগাঁ জেলার সাপাহার উপজেলার আজিজুল হকের ছেলে। ঘটনার শিকার শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ফারাবি হোসেন (৯) শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১২টার দিকে শিক্ষক আব্দুল আজিজ তাকে তুলে নিয়ে জোরপূর্বক বলৎকার করেন। এতে রক্তক্ষরণ হলে শিশুটি বিষয়টি তার পরিবারের কাছে জানায়। শনিবার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক আব্দুল আজিজকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।