কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া এলাকায় সামাজিক বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়, এবং এর ফলস্বরূপ অন্তত ২০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল হান্নান গ্রুপ এবং একই ইউনিয়নের সাবেক মেম্বার (ইউপি সদস্য) সাইফুলের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার রাত ৮টার দিকে বড়িয়া ভাদালিয়া পাড়ায় উত্তেজনা তৈরি হয় এবং দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত পাঁচজন আহত হন, এবং এ সময় ২০টিরও বেশি বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
পরিস্থিতি দ্রুত অবনতি হলে রাত ১০টার দিকে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু ধারাল দেশীয় অস্ত্র উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর জানান, "বটতৈল ইউনিয়নের সাবেক মেম্বার হান্নান মেম্বার এবং সাইফুল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলছিল, যার ফলে এই সংঘর্ষ এবং বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।"