পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যার তীব্রতা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। গত কয়েক মাসে একে অপরকে হামলার লক্ষ্যবস্তু বানানোর পর, সৌদি আরব ও তুরস্কের মতো বিদেশি শক্তির মধ্যস্থতায় দুই দেশই শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। তবে এইবার সংঘর্ষের পরিধি এবং তীব্রতা এত বেশি যে, উভয় দেশ একে অপরকে দায়ী করছে।
শুক্রবার দিনের শেষে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের সামরিক অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছে এবং ৪৫০ জনেরও বেশি আহত হয়েছে। এছাড়া, আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে, এবং দেশটির ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে।
অপরদিকে, আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তানের ওপর তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, পাকিস্তানের হামলায় ৮ জন তালেবান যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছে। আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
এছাড়া, উভয় পক্ষের দাবি অনুযায়ী নিহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা আল–জাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।