বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিকে ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, "দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে" এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও আমদানি শুল্ক ইস্যুতে সরকার তাড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে না। বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র ঘোষিত ১৫ শতাংশ সার্বজনীন শুল্ক এখনো সরকারের পর্যবেক্ষণে রয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নথি এখনো হাতে পাওয়া যায়নি। তিনি বলেন, "এ বিষয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হবে।"
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারি চালানোর কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন, "কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুতদারি সহ্য করা হবে না" এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, পরিবহণ খাতে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে এবং পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, এসব পদক্ষেপের ফলে পণ্য পরিবহণ ব্যয় কমবে, বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।