ইফতারের সময় বাড়িতে তৈরি খাবারের আলাদা একটি স্বাদ ও আনন্দ থাকে। বিশেষ করে রমজান মাসে ইফতারের মেনুতে হালিম অন্যতম জনপ্রিয় খাবার। বাজারের হালিমের চেয়ে অনেকেই বাড়িতে তৈরি শাহী, খাসি বা স্পেশাল হালিম বেশি পছন্দ করেন। খুব সহজ উপকরণ ও নিয়ম মেনে ঘরে বসেই সুস্বাদু হালিম তৈরি করা সম্ভব।
শাহী হালিম তৈরির পদ্ধতি-
প্রথমে এক কেজি মাংস ছোট ছোট টুকরা করে রান্না করতে হবে। আধা কাপ করে ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল ও মাসকলাই ডাল একসঙ্গে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেশার কুকারে ডাল, আদা-রসুন বাটা, ধনে ও জিরা বাটা, তেজপাতা, এলাচ, দারুচিনি, লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ ডাল মাংসের সঙ্গে মিশিয়ে আধা কাপ ঘি এর অর্ধেক অংশ মিশিয়ে নিতে হবে। পরে গরম মসলা ছিটিয়ে আদা কুচি, ধনিয়া পাতা, লেবুর রস, কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলে তৈরি হবে শাহী হালিম।
খাসির হালিম তৈরির পদ্ধতি-
এক কেজি খাসির মাংস আদা-রসুন, দারুচিনি, এলাচ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করতে হবে। মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল, খেসারি ডাল ও মাষকলাই ডাল একসঙ্গে সিদ্ধ করে মাংসের মধ্যে মেশাতে হবে। এরপর পোলাও চাল ও গমের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস ও পেঁয়াজ ওপরে ছিটিয়ে দিতে হবে।
স্পেশাল হালিম তৈরির পদ্ধতি-
হাড়সহ তিন কেজি মাংস এলাচ, রসুন বাটা, লবণ, হলুদ, টক দই, দারুচিনি, আদা বাটা, গোলমরিচ, জিরা বাটা, তেজপাতা, পেঁয়াজ কুচি ও অন্যান্য মসলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এরপর পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে কষিয়ে নিতে হবে।
গম ৫–৬ ঘণ্টা ভিজিয়ে রেখে চাল-ডাল ধুয়ে সব উপকরণ একসঙ্গে সিদ্ধ করতে হবে। ভালোভাবে সেদ্ধ হলে হালকা ঘুটে মাংস মিশিয়ে মৃদু আঁচে রান্না শেষ করতে হবে। পরিবেশনের সময় আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।
বাড়িতে তৈরি এসব হালিম ইফতারের টেবিলকে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তুলতে পারে।